আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
আযানের দোয়া কী?
০ বার পড়া হয়েছে৩ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আযানের পর নিম্নোক্ত দোয়া পাঠ করা সুন্নাত । عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصٍ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَإَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ. সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শ্রবণের পর নিম্নের দোয়াটি পাঠ করে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। অর্থাৎ, বলবে আমি সাক্ষী দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহই নেই, সে একক, তাঁর কোন শরীক নেই। মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সন্তুষ্ট আল্লাহকে রব (প্রভু) হিসেবে পেয়ে এবং মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে। [মুসলিম শরীফ : ২/১৪৮, হাদীস নং-৭৩৫] عَنْ جَابِرٍ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ أَتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ. জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শ্রবণ করার পর নিম্নোক্ত দোয়া পাঠ করবে শেষ বিচার দিবসে তার জন্য সুপারিশ করা আমার দায়িত্ব হয়ে দাঁড়াবে। হে আল্লাহ এই পরিপূর্ণ আহবান এবং প্রতিষ্ঠিত সালাতের প্রভু, মুহাম্মদ ﷺ-কে ওসীলা এবং ফযীলাত তথা উচ্চতম মর্যাদা দান করো। আর তাঁকে মাকামে মাহমুদে (প্রশংসিত স্থানে) পৌঁছিয়ে দাও, যার অঙ্গীকার তুমি তাঁকে দিয়েছো। [সহীহ আল বুখারী : ১/২৮০, হাদীস নং-৫৭৯] ব্যাখ্যা : 'উসীলা' জান্নাতের সর্বোচ্চ মর্যাদাকে বলা হয় । আর 'মাকামে মাহমুদ' দ্বারা সুপারিশের মর্যাদা বুঝানো হয়েছে । عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ (رَضِي) أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا ثُمَّ سَلُّوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُوا أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ اللَّهَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ. আবদুল্লাহ ইবনে আমর ইবনে আছ (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছেন যে, যখন মুয়াজ্জিনের আযান শ্রবণ কর, তখন মুয়াজ্জিন যে বাক্যগুলো পাঠ করে তোমরা তাই বল । তারপর আমার ওপর দরুদ পাঠ কর, কেননা যে ব্যক্তি একবার আমার জন্য দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাযিল করবে । তারপর আল্লাহর নিকট আমার জন্য 'উসীলা' প্রার্থনা কর । 'উসীলা' জান্নাতে একটি মর্যাদার নাম, যা আল্লাহর কোন বিশেষ ব্যক্তিই পাবে । আমি আশা করি আমিই হব সেই জান্নাতী ব্যক্তি । সুতরাং যে ব্যক্তি আমার জন্য উসীলার প্রার্থনা করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে । [মুখতাছফ সহীহ মুসলিম-আলবানী, হাদীস নং-১৯৮]