অমুসলিমদের সাথে ব্যবহার
অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় কি?
০ বার পড়া হয়েছে৩ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
৪- অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া হারাম, বৈধ নয়। যেহেতু ‘সালাম’ কেবল ইসলাম-ওয়ালাদের অভিবাদন। মহানবী ﷺ বলেন, “ইয়াহুদ ও নাসাদেরকে প্রথমে সালাম দিও না। ওদের সাথে পথে সাক্ষাৎ হলে সংকীর্ণতার প্রতি বাধ্য করা।” কিন্তু ওরা যদি আমাদেরকে প্রথমে সালাম দেয়, তাহলে তার উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজেব হবে। যেহেতু সাধারণভাবেই আল্লাহ বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا অর্থাৎ, আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে অথবা ওরই অনুরূপ উত্তর দেবে। (সূরা নিসা ৮৬) ইয়াহুদীরা মহানবী ﷺ-কে সালাম দিত, বলত, ‘আসসা-মু আলাইকা ইয়া মুহাম্মাদ! (তোমার উপর মৃত্যু বর্ষণ হোক, হে মুহাম্মাদ!)’ ‘আসসা-ম’ এর অর্থ মৃত্যু। তারা রসূল ﷺ-কে মৃত্যুর বদদুআ দিত। তাই নবী ﷺ বললেন, “ইয়াহুদীরা বলে, ‘আসসা-মু আলাইকুম।’ সুতরাং ওরা যখন তোমাদেরকে সালাম দেবে, তখন তোমরা তার উত্তরে বল, ‘অ আলাইকুম।’ অতএব কোন অমুসলিম যখন মুসলিমকে সালাম দিয়ে বলে, ‘আসসা-মু আলাইকুম,’ তখন আমরা তার উত্তরে বলব, ‘অ আলাইকুম।’ উপরন্তু তাঁর উক্তি ‘অ আলাইকুম’ এই কথার দলীল যে, যদি ওরা ‘তোমাদের উপর সালাম’ বলে, তাহলে তাদের উপরেও সালাম। সুতরাং ওরা যেমন বলবে, আমরাও ওদেরকে তেমনি বলব। এই জন্য কতক উলামা বলেছেন যে, ইয়াহুদী, খ্রিষ্টান বা অন্য কোন অমুসলিম যখন স্পষ্ট শব্দে ‘আসসালামু আলাইকুম’ বলবে, তখন আমাদের জন্য ‘অ আলাইকুমুস সালাম’ বলে উত্তর দেওয়া বৈধ হবে। অনুরূপভাবে অমুসলিমদেরকে প্রথমে স্বাগত জানানো, যেমন ‘আহলান অসাহলান (স্বাগতম, খোশ আমদেদ, ওয়েল কাম প্রভৃতি) বলাও বৈধ নয়। যেহেতু এতে তাদের সম্মান ও তা’যীম অভিব্যক্ত হয়। কিন্তু ওরা যখন প্রথমে আমাদেরকে ঐ বলে স্বাগত জানাবে, তখন আমরাও তাদেরকে অনুরূপ বলে উত্তর দেব। যেহেতু ইসলাম ন্যায়পরায়ণতা এনেছে এবং প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিতে উদ্বুদ্ধ করেছে। আর এ কথা বিদিত যে, আল্লাহ আযযা অ জাল্লার নিকটে মুসলিমরাই সম্মান ও মর্যাদার দিক দিয়ে সর্বাপেক্ষা বড়। তাই প্রথমে অমুসলিমদেরকে সালাম দিয়ে নিজেদেরকে অপদস্থ করা উচিত নয়। অতএব উত্তরের সারমর্মে বলি যে, অমুসলিমকে প্রথমে সালাম দেওয়া বৈধ নয়। যেহেতু নবী ﷺ এ থেকে নিষেধ করেছেন এবং যেহেতু এতে মুসলিমের লাঞ্ছনা আছে। কারণ সে এতে অমুসলিমকে প্রথমে তা’যীম ও সম্মান প্রদর্শন করে। অথচ আল্লাহর নিকট মুসলিমই সম্মানের দিক দিয়ে অধিক উচ্চ। তাই এতে নিজেকে অপমানিত করা উচিত নয়। পক্ষান্তরে যখন ওরা আমাদেরকে সালাম দেবে, তখন আমরা তাদের অনুরূপ সালামের উত্তর দেব। তদনুরূপ ওদেরকে প্রথমে স্বাগত জানানোও বৈধ নয়। যেমন, ‘আহলান অসাহলান, মারহাবা’ ইত্যাদি বলা। কেননা এতেও ওদেরকে তা’যীম প্রদর্শন করা হয়। যা ওদেরকে প্রথমে সালাম দেওয়ারই অনুরূপ। (ইউ)